২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পরিবহন শ্রমিক খুন, আটক ২

সাভারে এক পরিবহন শ্রমিক খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 10:56 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

সাভার, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে এক পরিবহন শ্রমিক খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সোমবার সকালে পুলিশ আমিনবাজারের সালেপুর এলাকার নদীতীর থেকে ওই পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করে। শনিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহত সুজন মিয়া (১৯) কুষ্টিয়ার খোকসা উপজেলার রাধানগর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। সে মতিঝিল থেকে সাভারে চলাচলরত হানিফ মেট্রো পরিবহনের চালকের সহকারী ছিলো। আটককৃতরা হলেন- আমিন বাজার এলাকার ঘাষেরদিয়া মহল্লার আয়নাল হকের ছেলে নূর মোহাম্মদ (২৫) ও রংপুরের ডুঙ্গাচরা থানার মুহুরীপাড়া এলাকার শামসুল হকের ছেলে বাদশা মিয়া (২৫)। তারা দু'জনই ট্রাকচালকের সহকারীর কাজ করেন। সাভার থানার উপ-পরির্দশক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুজনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি সালেপুর এলাকার নদীতীরে ফেলে যায় দুস্কৃতকারীরা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই জানান, নূর মোহাম্মদ ও বাদশাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, মধ্যরাত অবধি তারা এক সঙ্গে ছিলো। পরে সুজন আমিনবাজার এলাকায় দেওয়ান বাড়ির ভাড়া বাসায় চলে যায়। এরপর কি হয়েছে তারা জানে না। তদন্ত সাপেক্ষে এই দুজনকে গ্রেপ্তার দেখানো হবে। সাভার থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে এসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৫০ ঘ.