২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

গোপালগঞ্জ ও মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 06:45 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ ও মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: গোপালগঞ্জ: গোপালগঞ্জে একটি নৈশ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। সোমবার ভোররাত পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মোল্লাহাট সেতুর টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার গোলবুনিয়া গ্রামের মো. সাঈদুল হকের মেয়ে সাঈদা হক অন্তি (৮) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কলেজ রামদিয়া গ্রামের আ. খালেক মৃধার মেয়ে রুনা বেগম (২৫)। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটের শরনখোলাগামী সাকুরা পরিবহনের নৈশ বাসটি মোল্লাহাট সেতুর টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তিনি বলেন, "এতে ঘটনাস্থলেই অন্তি ও রুনা নিহত হয়।" আহতদের গোপালগঞ্জ, মোল্লাহাট ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা: মাগুরায় মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার রাত ৮টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত কাওসার ম্্ুন্সীর (৫০) বাড়ি সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা স্পিডব্রেকার নির্মাণের দাবিতে রাত ৯টা থেকে ১টা পর্যন্ত ওই সড়ক অবরোধ করে রাখে। এ সময় সৃষ্টি হয় তীব্র যানজট। সদর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরে সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় সড়কের ওপর স্পিডব্রেকার নির্মাণ করা হলে জনতা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৪২ ঘ.