২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়পুরার ছয় গ্রাম পুরুষশূন্য

সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার এড়াতে নরসিংদীর ছয় গ্রামের পুরুষরা পালিয়ে বেড়াচ্ছে বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 04:26 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

নরসিংদী, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার এড়াতে নরসিংদীর ছয় গ্রামের পুরুষরা পালিয়ে বেড়াচ্ছে বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা বাঁশগাড়ী ও মির্জাচর ইউনিয়নের ছয়টি গ্রামের বাসিন্দাদের মধ্যে শনিবার সংঘর্ষ হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই সংঘর্ষে দেশি অস্ত্র টেটা ও গুলিবিদ্ধসহ শতাধিক ব্যক্তি আহত হয়। এছাড়া ধানী জমিতে অগ্নিসংযোগ, ধান-চাল, গরু-ছাগল, হাঁস-মুরগি লুটপাটের ঘটনা ঘটে। নরসিংদীর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট কাজী হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁশগাড়ী এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, গ্রেপ্তার এড়াতে বাঁশগাড়ী ইউনিয়নের বাঁশগাড়ী কান্দাপাড়া, বালুয়াকান্দি, বটতলী এবং মির্জাচর ইউনিয়নের বিরামপাড়া, বাজারপাড়া ও উত্তরপাড়া গ্রামের পুরুষরা পালিয়ে বেড়াচ্ছে। এ কারণে গ্রামগুলো কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। এসব গ্রামের শিশু ও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও তিনি জানান। এলাকাবাসী জানায়, বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ছালাম ও প্রতিপক্ষ মির্জাচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জজ মিয়ার মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৫ ঘ.