ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা ৩০ নভেম্বরের হরতালে দোকান খোলা রাখায় এবং বাস ও লঞ্চ চলাচলে নিরাপত্তা দেবে পুলিশ।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ একথা জানান।
২৯ নভেম্বর খালেদা জিয়ার বাসভবন নিয়ে মামলার শুনানি চলাকালে হাইকোর্টের নিয়মিত তালিকাভুক্ত আইনজীবী ছাড়া আদালত চত্বরে কাউকে না ঢুকতেও অনুরোধ জানিয়েছেন তিনি।
নিরাপত্তার 'স্বার্থে' এ অনুরোধ বলে ডিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান। সোমবার সারাদেশে আদালন প্রাঙ্গণে বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভের কর্মসূচি রয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে ৩০ নভেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বর্তমান সরকারের আমলে এটি বিএনপির ডাকা তৃতীয় হরতাল। এর আগে গত ২৭ জুন ও ১৪ নভেম্বর হরতাল ডাকে বিএনপি।
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, "হরতালে যারা দোকানপাট খোলা রাখতে চান; খোলা রাখতে পারেন। যারা বাস, লঞ্চ চালাতে চান; তারা চালাতে পারেন। পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে।"
হরতালের আগের দিন ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রতিরোধে নিয়মিত পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলেও তিনি জানান।
হরতালকে কেন্দ্র করে গত দুই দিনে সারাদেশে বিএনপির এক হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার এক সংবাদ সম্মেলনে দাবি করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়র হোসেন।
এ প্রসঙ্গে বেনজির আহমেদ বলেন, "হরতাল উপলক্ষে কোনো গণগ্রেপ্তার হয়নি। ডিএমপি তার নিয়মিত কাজ করছে। গণগ্রেপ্তার হয়েছিলো ২০০৬ সালে।"
প্রধান বিচারপতির বাসভবনে বোমা হামলা মামলার তদন্ত চলছে বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার আরো জানান, বিশ্বকাপ উপলক্ষে ক্রাউড ম্যানেজম্যান্ট ও সহিংসতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্বকাপকে সামনে রেখে প্রায় ৮১ কোটি টাকার নিরাপত্তা সরঞ্জাম কিনেছে ডিএমপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমইউএস/এমআই/১৫৪০ ঘ.
bdnews24