২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

রাজধানীর গুলশান এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 07:47 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে। র‌্যাব বলছে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের (৩০) পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। র‌্যাব-১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন এফ এম শফিকুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গুলশান লিঙ্ক রোডের শুটিং কমপ্লেক্সের কাছে অস্থায়ী তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন করছিলেন র‌্যাবের কয়েকজন সদস্য। তিনি বলেন, "সেসময় ওই রাস্তা দিয়ে দুই যুবক একটি মটর সাইকেলে যাচ্ছিলো। র‌্যাব সদস্যরা তখন তাদেরকে থামার সঙ্কেত দেয়। কিন্তু তারা না থেমে র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি চালায়। "র‌্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। অপরজন মটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।" র‌্যাব কর্মকর্তা শফিুকর জানান, গুলিবিদ্ধ যুবককে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয় বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসআইটি/এএইচ/এজে/১৩৪৫ ঘ.