ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডা. শামসুল আলম খান মিলন হত্যার পুনর্বিচার দাবি করেছেন তার মা সেলিনা আক্তার।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ মিলনের মা হত্যাকাণ্ডের ২০ বছর পর শনিবার মিলন দিবসের এক অনুষ্ঠানে এ দাবি জানান।
সেলিনা বলেন, "হত্যাকাণ্ডের ঘটনাটি পুনর্তদন্ত করে প্রকৃত আসামিদের ফাঁসি দিতে হবে। নইলে এক স্বৈরাচারের পতন হলেও নব্য স্বৈরাচারের উত্থান হবে।"
'৯০ এর ২৭ নভেম্বর গণআন্দোলনের সময় সামরিক শাসক এইচএম এরশাদের মদদপুষ্ট সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তৎকালীন যুগ্ম মহাসচিব মিলন। তার মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলন গতি পায়। এর ধারাবাহিকতায় ওই বছরের ৪ ডিসেম্বর পতন হয় এরশাদ সরকারের।
মিলন হত্যা মামলার রায়ে ১৯৯২ সালে এক জনের এক বছর কারাদণ্ড হয় এবং অন্য আসামিরা খালাস পায়।
এরশাদের দল জাতীয় পার্টি বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশীদার। মওদুদ আহমেদ, শাহ মোয়াজ্জেম হোসেনসহ এরশাদের বেশ কয়েকজন মন্ত্রী এখন আছেন বিরোধী দল বিএনপিতে।
জাসদ নেতা মিলনের ২০তম শাহাদাত বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সংলগ্ন মাঠে 'শহীদ ডা. মিলন সংসদ' আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সেলিনা আক্তার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।
মহাজোটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, "শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য মিলন প্রাণ হারান। দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ থেকে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদ নির্মুল করা গেলে তার রক্ত বিসর্জন সার্থক হবে।"
মিলন সংসদের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা, বিএমএ মহাসচিব শামসুদ্দিন আহমেদ, মিলন সংসদের মহাসচিব মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জাইগিরদার ও আহমদ আবু সালেহ।
সমাধি ও স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া, বিশেষ মোনাজাত, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার পালিত হয় মিলন দিবস।
সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে মিলনের সমাধি ও টিএসসি সংলগ্ন মিলন স্তম্ভে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সেলিনা আখতার ও পরিবারের অন্যান্য সদস্য। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১৩০ ঘ.
bdnews24