২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের আগে সারাদেশে ধরপাকড়

হরতালের আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। বিভিন্ন স্থানে মিছিলেও বাধা দেওয়ার অভিযোগ করেছে তারা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 08:58 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। বিভিন্ন স্থানে মিছিলেও বাধা দেওয়ার অভিযোগ করেছে তারা। বিরোধী দল বলছে, হরতালে কর্মীদের মাঠে নামা ঠেকাতে এ গ্রেপ্তার অভিযান চলছে। এ বিষয়ে পুলিশের কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া না গেলেও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খোন্দকার শুক্রবার গোপালগঞ্জে সাংবাদিকদের বলেছিলেন, হরতালের সময় কেউ আইন-শৃঙ্খলা ভঙ্গ করে ফৌজদারি আইনে অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন স্থানে ধরপাকড়ের বিষয়ে স্থানীয় পুলিশ বলছে, গ্রেপ্তার অনেকে আগের মামলার আসামি এবং অন্যরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন। তবে বিএনপির অভিযোগ, বিনা উস্কানিতে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আগামী ৩০ নভেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি। স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না। বিএনপির ১৪ নভেম্বরের হরতালে গাড়ি ভাংচুরের তথ্য তুলে ধরে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শুক্রবার বলেন, নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপির বড় নেতাদেরও ছাড় দেওয়া হবে না। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে আরো হরতাল দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, যদিও দেশের ব্যবসায়ী মহল হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে আসছে। শনিবার সন্ধ্যায় বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩২৭ জন বিএনপি নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে গ্রেপ্তার করা হয়েছে ৭৯ জনকে। বরিশাল, কুমিল্লা, নওগাঁ, পিরোজপুরে বিএনপির মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে আহত হয়েছেন ৫৮ জন। এছাড়া পাবনা, কক্সবাজারে বিএনপিকে মিছিল করতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ এসেছে। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দলীয় নেতা-কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, "বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা এবং গণগ্রেপ্তার অব্যাহত থাকলে সরকারকে চরম পরিস্থিতি মোকাবেলা করতে হবে।" গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১৩৫ জন, চট্টগ্রামে ১৯ জন, ময়মনসিংহে ২২ জন, বরিশালে ১৫ জন, কুড়িগ্রামে ১৪ জন, সিরাজগঞ্জ ১০ জন, সিলেটে তিন জন, পটুয়াখালীতে তিন জন, পিরোজপুরে দুজন, নীলফামারীতে ছয় জন, কুমিল্লায় দুজন, চাঁপাইনবাবগঞ্জে তিন জন, বরগুনায় চার জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজনকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে কর্মসূচি পালন নিয়ে শনিবার নগরীতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘাত হয়েছে বিএনপি নেতাকর্মীদের। এ সময় বিএনপির ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বিএনপি বলছে, পুলিশের লাঠিপেটায় তাদের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় নগরী। কোতোয়ালি মডেল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই বিএনপি নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালনের চেষ্টা করলে ১৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলা বিএনপির দপ্তর সম্পাদক মন্টু খান (৫০), বাকেরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন (৪০), বিএনপি নেতা ফারুক হোসেন (৪৫), শহিদুল আলম (৩০), ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলে তারিকুল ইসলাম (২৪), মনিরুজ্জামান খান (২৫), সাবেক ছাত্রনেতা মলয় কর্মকার (৩০), কামাল (২৫), আব্বাস (২০), অনিক সাহা (২৫), বদির আলম (৩০), রেজভী (২০) ও তপন (২২)। পরে আরো দুজনকে আটক করা হয় বলে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান। এরা হলেন- বাবুগঞ্জ উপজেলা বিএনপির উপ-সম্পাদক মিলন কাফী ও নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি নূর মোহাম্মদ। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন খান সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ করতে চাইলে কোনো উস্কানি ছাড়াই পুলিশ দলীয় নেতাকর্মীদের ওপর নির্বিচারে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। কুমিল্লা প্রতিনিধি জানান, বুড়িচংয়ে বিকালে বিএনপির মিছিলে পুলিশ লাঠিপেটা করলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ অন্তত ২০ জন আহত হয়। পুলিশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন (৩৮) ও শ্রমিক দল নেতা এরশাদকে (২০) গ্রেপ্তার করে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সাংবাদিকদের বলেন, "আমাদের শান্তিপূর্ণ মিছিলের পেছন থেকে পুলিশ লাঠিপেটা শুরু করে এবং দুজনকে গ্রেপ্তার করে।" বুড়িচং থানার ওসি খন্দকার শাহনেওয়াজ বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার স্বার্থে পুলিশ এ পদক্ষেপ নিয়েছে।" পিরোজপুর প্রতিনিধি জানান, জেলা বিএনপির আহ্বায়ক গাজী নূরুজ্জামান বাবুলের নেতৃত্বে মিছিল শুরু হলে শহরের জনতা সিনেমা হলের কাছে পুলিশ তাতে বাধা দিলে সংঘর্ষ বাঁধে। পুলিশের লাঠিপেটায় অন্তত ১৮ জন আহত হয়েছে বলে নূরুজ্জামান দাবি করেছেন। অন্যদিকে সংঘর্ষে আহত হন সদর থানার ওসি শেখ আবু যাহিদসহ তিন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে যুবদল নেতা রিপন সরদার (৩৫) ও হাইদুল হাওলাদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁ প্রতিনিধি জানান, মিছিলে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে বিএনপির জেলা সভাপতি শামসুজ্জোহাসহ ১০ নেতা-কর্মী। বিকাল ৫টায় জেলা শহরের ব্রিজের মোড়ে সভা করছিলো বিএনপি। তাতে পুলিশ বাধা দিলে বিএনপি মিছিল বের করে। তখন পুলিশ মিছিলে লাঠি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। মিছিলে লাঠিপেটার প্রতিবাদে পরে কেডি'র মোড়ে দলীয় কার্যালয়ে সভা করে বিএনপি। বিএনপির মিছিলে বাধা দেওয়ার বিষয়ে সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকায় বিএনপিকে মিছিল-সমাবেশ করতে দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২০ ঘ.