ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার ডা. শামসুল আলম খান মিলনকে স্মরণ করা হচ্ছে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ডা. মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
'৯০ এর ২৭ নভেম্বর গণআন্দোলনের সময় সামরিক শাসক এইচএম এরশাদের পেটোয়া বাহিনীর গুলিতে প্রাণ হারান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মিলন। তার মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলন বেগবান হয়। এর ধারাবাহিকতায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে পতন ঘটে এরশাদ সরকারের।
সেই থেকে প্রতি বছর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই দিনটিকে শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করে আসেছ।
দিবসটি উপলক্ষে এবার শহীদ ডা. মিলন সংসদের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে মিলনের সমাধি ও টিএসসি সংলগ্ন মিলন স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি মাঠে আলোচনা সভা।
আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত।
জাতীয় সমাজতান্ত্রিক দলের কর্মসূচির মধ্যে আছে সকাল ৮টায় মিলনের সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন, সাড়ে ৮টায় মিলন স্বম্ভে শ্রদ্ধা নিবেদন এবং বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা।
এছাড়া বাংলাদেশর কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এজে/০৯২১ ঘ.
bdnews24