সাতক্ষীরা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত বছর সাতক্ষীরা সীমান্তের ওপারে বাংলাদেশি এক নারীকে ধর্ষণ ও তার স্বামীকে হত্যার অভিযোগ শুনেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি প্রতিনিধি দল।
শুক্রবার সাতক্ষীরার ভোমরা সীমান্তে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (বিডিআর) সঙ্গে পতাকা বৈঠক করে প্রতিনিধি দলটি ওই নারীর (৩৫) অভিযোগ শোনেন।
গত বছরের ২২ এপ্রিল স্বামীকে নিয়ে ভারত থেকে দেশে ফেরার সময় ঘোজাডাঙ্গার বিএসএফ ক্যাম্পের একটি টহলদল তাদের আটক করে।
অভিযো রয়েছে, সীমান্তের বাগদিপাড়া এলাকায় গৃহবধূটিকে ধর্ষণ করে বিএসএফ জওয়ানরা। তার স্বামী রবীন্দ্রনাথ মণ্ডল বাধা দিলে তাকে হত্যা করে তারা।
রবীন্দ্রনাথের বাড়ি আশাশুনি উপজেলার বলাবাড়ি গ্রামে। চিকিৎসার জন্য তারা ২০০৮ সালে অবৈধভাবে ভারত যান।
ঘটনার পরদিন সকালে বিএসএফ জওয়ানরা তাদের ভোমরার লক্ষীদাড়ি সীমান্তের শূন্য লাইনে রেখে যায়।
খবর পেয়ে বিডিআর ভোমরা ক্যাম্পের জওয়ানরা ঘটনাস্থলে যান এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
সদর থানার উপ-পরির্দশক আসাদুল ইসলাম ওইদিন দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ওই নারী সাতক্ষীরা সদর থানায় অজ্ঞাতনামা কয়েকজন বিএসএফ সদস্যকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
শুক্রবার সকাল ১১টার দিকে বিএসএফ ও বিডিআর'র কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয় ভোমরা সীমান্তের ৩ নম্বর মূল পিলারের কাছে।
পতাকা বৈঠকে বিডিআর'র পাঁচ সদস্যের নেতৃত্ব দেন ৪১ রাইফেল ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মুনসুর হেলাল।
বিএসএফ ১৮ ব্যাটালিয়নের ঘোজাডাঙ্গা ক্যাম্পের কমান্ডার এ সি সঞ্জয় কুমার বিএসএফ'র পাঁচ সদস্যের প্রতিনিধিত্ব করেন।
বৈঠকে নির্যাতিত নারীর জবানবন্দি নেন বিএসএফ ১৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম প্রসাদ।
দুপুর সোয়া ১টা পর্যন্ত বৈঠক চলে।
এরপর বিডিআর ভোমরা ক্যাম্পের সুবেদার মুনসুর হেলাল সাংবাদিকদের জানান, বাংলাদেশি এই নারীকে ধর্ষণ ও তার স্বামীকে হত্যার ঘটনায় সে সময় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছিলো।
বিডিআর কর্মকর্তা জানান, সদর থানায় করা মামলার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনাও হয়। এরপর বিষয়টি বিএসএফ'র উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24