নড়াইল, নভেম্বর ২৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- কর্তব্যে অবহেলার অভিযোগে নড়াইল শহর পুলিশের এক উপ-পরিদর্শককে (টিএসআই) প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এসএম আলাউদ্দিন নামের এই টিএসআইকে নড়াইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পুলিশ জানায়, বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে দু'দল ছাত্রের হাতাহাতির জেরে কলেজ ক্যাম্পাস থেকে পুলিশ ধারালো অস্ত্রসহ রকিবুল ইসলাম নামের এক ছাত্রকে আটক করে।
নড়াইল পুলিশ ফাঁড়ির হাবিলদার হাফিজুর রহমান বলেন, কলেজের উত্তর পাশ থেকে একটি রাম দা, একটি বড় চাপাতি, একটি ছোরা ও একটি চাইনিজ কুড়ালসহ আটক রকিবুলকে ফাঁড়িতে রেখে তিনি মাগরিবের নামাজ পড়তে যান।
ফিরে এসে জানতে পরেন টিএসআই আলাউদ্দিন অস্ত্রগুলো রেখে রকিবুলকে ছেড়ে দিয়েছেন।
এদিকে আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু একদল নেতাকর্মীসহ এসে তার কাছ থেকে জোর করে রকিবুল ইসলামকে ছিনিয়ে নিয়ে গেছেন।
সৌমেন চন্দ্র বসু বলেন, পুলিশ কলেজের একজন ছাত্রকে আটক করে পরে ছেড়ে দিয়েছে। ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
নড়াইলের পুলিশ সুপারিনটেনডেন্ট এসএম ফজলুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দায়িত্বে অবহেলার কারণে টিএসআই আলাউদ্দিনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৭ ঘ.
bdnews24