সাতক্ষীরা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ধর্ষণের পর এক তরুণীকে শেকল দিয়ে বেঁধে রাখার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। তবে অভিযুক্তরা পালিয়ে গেছে।
কালিগঞ্জ থানার ওসি সৈয়দ ফরিদ উদ্দীন সাংবাদিকদের জানান, নির্যাতনের শিকার তরুণীটি বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেছে।
আসামিরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের ছবিলার রহমানের ছেলে জাহিদ হোসেন ও যশোরের শ্রীরামপুরের জামাল হোসেন।
ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
মেয়েটির বাড়ি যশোর সদর উপজেলার দায়তলা গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, যশোর শহরে কাজ করার সুবাদে তরুণীটির সঙ্গে পরিচয় হয় জাহিদের। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে গত ২২ নভেম্বর মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে জাহিদ মাঘুরালীর চাঁদপুকুর গ্রামে দুলাভাইয়ের বাড়ি নিয়ে আসেন। এতে সহযোগিতা করেন জামাল।
দুলাভাই পিয়ার আলীর বাড়ি এনে মেয়েটিকে ধর্ষণের পর শেকল দিয়ে বেঁধে রাখা হয়। পরে বিষয়টি গ্রামের লোক জেনে যায়। তারা বৃহস্পতিবার রাতে পুলিশকে খবর দেয়।
পিয়ার আলী স্থানীয় সাংবাদিকদের বলেন, জাহিদ হোসেন ও তার বন্ধু জামাল মেয়েটিকে নিয়ে এসেছে।
শেকল দিয়ে বেঁধে রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, মেয়েটি পালিয়ে যায় কিনা সেজন্য বেঁধে রাখা হয়েছিলো।
সাতক্ষীরার পুলিশ সুপারিনটেনডেন্ট হাবিবুর রহমান শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৭ ঘ.
bdnews24