২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হরতালে আইন-শৃঙ্খলা ভঙ্গ হলে ব্যবস্থা'

হরতালে আইন-শৃঙ্খলা ভঙ্গ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 12:41 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

গোপালগঞ্জ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরতালে আইন-শৃঙ্খলা ভঙ্গ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, "হরতাল রাজনৈতিক দলের কর্মসূচি। আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। আইন-শৃঙ্খলা অমান্য করা ফৌজদারী অপরাধ।" শুক্রবার বিকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর পুলিশ প্রধান স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, প্রধান বিচারপতির বাসভবনে বোমা হামলার তদন্ত চলছে। ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে হাসান মাহমুদ বলেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। জনগণের প্রত্যাশিত মানের সেবা পুলিশ দিয়ে যাবে। তিনি জানান, পুলিশ বাহিনীর আধুনিকায়নে ভৌত অবকাঠামোর পাশাপাশি গাড়ি ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে। এতে পুলিশের কাজ করতে সুবিধা হবে। বিকাল ৩টায় পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার টুঙ্গিপাড়া পৌঁছান। ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদকে সঙ্গে নিয়ে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। তাদের সঙ্গে ছিলেন- গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল কুদ্দুছ আমিন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি মোহাম্মদ আলী খান আবু মিয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪২ ঘ.