ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার মামলায় মনোয়ার হোসেন ডিপজলকে গ্রেপ্তার করতে তো পারেইনি, তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলে পুলিশের আবেদন চার দিনেও পৌঁছেনি জেলা প্রশাসকের কার্যালয়ে।
দারুস সালাম থানার ওসি আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ডিপজলের দুটি শটগান, একটি পিস্তল ও একটি বন্দুকের লাইসেন্স বাতিলের জন্য গত ২১ নভেম্বর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হয়।
অস্ত্রের লাইসেন্স বাতিলের এখতিয়ার ঢাকার জেলা প্রশাসকের। জেলা প্রশাসকের কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ওই আবেদন সেখানে পৌঁছেনি।
এ বিষয়ে ওসি বলেন, "হয়তো পুলিশের ঊর্ধ্বতন কার্যালয়ে আবেদনটি আছে। "
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবেদনটি থানা থেকে তার কার্যালয়ে আসার পর তা তিনি পুলিশ কমিশনার কার্যালয়ে পাঠিয়ে দেন।
দেরির বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, আবেদনটি জেলা প্রশাসক কার্যালয়ে অবশ্যই যাবে।
জেলা প্রশাসক মো. মহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবেদন পেলেই তারা লাইসেন্স বাতিলের বিষয়ে ব্যবস্থা নেবেন।
প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, "আবেদন পাওয়ার পরপরই অস্ত্রের মালিককে অস্ত্রের লাইসেন্স কেন বাতিল করা হবেনা মর্মে নোটিশ পাঠিয়ে এক মাসের মধ্যে তার জবাব দিতে বলা হবে। এর পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। "
১৯৮৭ সালে একটি এবং ১৯৯২ সালে আরেকটিসহ দুটি শটগানের লাইসেন্স রয়েছে ওয়ার্ড কাউন্সিলর ডিপজলের। এছাড়া ২০০০ সালে লাইসেন্স করা একটি পিস্তল এবং ২০০৫ সালে করা একটি রাইফেল রয়েছে তার।
ডিপজলের অস্ত্রের বিষয়ে এর আগে দুর্নীতি দমন কমিশন ছাড়াও বিভিন্ন আদালত তথ্য চেয়েছিলো জেলা প্রশাসকের কাছে। তবে ডিপজলে অস্ত্র একাধিকবার পুলিশ-র্যাব জব্দ করলেও লাইসেন্স বাতিলের জন্য পুলিশের পক্ষ থেকে কোনো আবেদন ছিলো না বলে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা জানান।
চলচ্চিত্র অভিনেতা ডিপজলের সন্ধানে গত ১০ দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে পায়নি পুলিশ। জব্দ হয়নি তার কোনো অস্ত্রও।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবুর রহমান অবশ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আগাম জামিন নিতে তার আদালতে যাওয়ার সম্ভাবনা থেকে আদালত এলাকায়ও নজরদারি রয়েছে।
১৬ নভেম্বর গাবতলীতে গাড়ি থামানোর সঙ্কেত দিলে তাতে রুষ্ঠ হয়ে ডিপজল পুলিশ কনস্টেবল আলতাফ উদ্দিনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
ডিপজল কনস্টেবল আলতাফকে পিস্তলের বাট দিয়ে আঘাত করেন বলেও এ নিয়ে করা মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্য আলতাফ বাদি হয়ে দারুস সালাম থানায় মামলাটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24