গাইবান্ধা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধপূর্ণ জমি ধান কাটাকে কেন্দ্র করে গাইবান্ধার সাদুল্লাপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষের সময় ঘর-বাড়ি ও কাটা ধানে আগুন দেওয়া হয়।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা সাংবাদিকদের জানান, বিরোধপূর্ণ প্রায় ১০ বিঘা জমির ধান সকালে মরুয়াদহ গ্রামের সুলতান আলীর লোকজন কাটা শুরু করে।
প্রায় দুই বিঘার ধান কাটা হলে দক্ষিণ দামোদরপুর গ্রামের আবুল কাসেমের লোকজন বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে।
এসআই জানান, সংঘর্ষের সময় আবুল কাসেমের দুটি ঘর এবং কাটা ধানে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ। পরে গাইবান্ধা থেকে দমকলকর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মধ্যে আবুল কাসেম (৪৫), মহব্বর আলী (৪০), জহির উদ্দিন (৪২), জবিউল মিয়া (৩৮) আছিয়া বেগমকে (৩৫) গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জরিনা বেগম (৬৫), সালেহা বেগম (৫০) ও আনোয়ারা বেগমকে (৫৭)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআই শাহীন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৮ ঘ.
bdnews24