২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঘুষখোর' পুলিশ সদস্য কারাগারে

ঘুষের মামলার আসামি এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 09:52 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষের মামলার আসামি এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আদালত। বৃহস্পতিবার ওই মামলার আসামি সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক এনামুল হক বসনিয়া আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩১ অক্টোবর বিচার বিভাগীয় হাকিম আদালতে সরাইল থানার বুইশ্বর গ্রামের আবুল কাশেমের স্ত্রী জ্যোসনা বেগম ওই এসআইয়'র বিরুদ্ধে 'ভয় দেখিয়ে' ঘুষ আদায়ের অভিযোগ করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে এসআই আওয়ালকে আদালতে হাজির হওয়ার আদেশ দেয়। মামলার এজাহারে বলা হয়, গত ২৬ অক্টোবর রাতে সরাইল থানার অরুআইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল আওয়াল ফোর্স নিয়ে কোনো অভিযোগ ছাড়াই জ্যোসনা বেগমের ঘরে ঢুকে লোকজনকে মারধর করে। এ সময় তারা জ্যোসনার আত্মীয় মফিজ মোল্লার ছেলে আলী আম্মদকে আটক করে নিয়ে যায়। তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে ওই এসআই ১০ হাজার টাকা ঘুষ দাবি করে ডাকাতি মামলায় চালান দেওয়ার হুমকি দেয়। পরদিন জ্যোসনা বেগম ১০ হাজার টাকা ঘুষ দিয়ে আলী আহাম্মদকে ফাঁড়ি থেকে ছাড়িয়ে আনেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। পুলিশ সুপারিনটেনডেন্ট মুখলেছুর রহমান এ মামলার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকালের মধ্যে জজকোর্ট থেকে তার জামিনের ব্যবস্থা করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/১৫৫০ ঘ.