২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 03:26 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

হবিগঞ্জ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, নিহত আব্দুল হাকিম (৪৫) জেলার মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বাড়ি মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে। পিতার নাম মৃত আব্দুস ছামাদ। বুধবার দিবাগত রাতে মাধবপুরের নোয়াপাড়া বেলঘর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি, ১টি রামদা, ১০০ বোতল বিদেশী মদ, ৫০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাজা উদ্ধার করা হয়। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক কাউছার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দিবাগত রাত ২টা ৩৫মিনিটে র‌্যাবের ডিএডি বিপ্লব কুমার রায়ের নেতৃত্বে র‌্যাবের একটি টহল দল ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বেলঘর বাসস্ট্যান্ড এলাকায় টহল দিচ্ছিল। এ সময় হাকিমের নেতৃত্বে ৮/১০ জন লোককে দেখে র‌্যাবের সন্দেহ হয়। র‌্যাব তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা র‌্যাব সদস্যদের উপর গুলিবর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বেঁধে যায়। প্রায় ১৫ মিনিট স্থায়ী বন্দুকযুদ্ধের পর হাকিমের সহযোগীরা পালিয়ে যায়। তিনি জানান, হবিগঞ্জের বিভিন্ন থানায় হাকিমের বিরুদ্ধে ডাকাতি, মাদক ব্যবসাসহ ১৩টি মামলা রয়েছে। এর আগে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কাওসার মাহমুদের নেতৃত্বে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াপাড়া গ্রামে আব্দুল হাকিমের আস্তানায় অভিযান চালানো হয়। এসআই আলমগীর বলেন, "এক পর্যায়ে আব্দুল হাকিম ও তার ১০-১২ জন সহযোগী র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলিবর্ষণ শুরু করে। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা পিছু হটে। "তখন হাকিমের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১২২২ ঘ.