২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাকে ডাকাতি: বিস্ফোরক মামলার রায় বৃহষ্পতিবার

গোপালগঞ্জের কোটালিপাড়ায় ব্র্যাক কার্যালয়ে ডাকাতির ঘটনায় বিস্ফোরক মামলার রায় ঘোষণা করা হবে বৃহষ্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 05:13 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালিপাড়ায় ব্র্যাক কার্যালয়ে ডাকাতির ঘটনায় বিস্ফোরক মামলার রায় ঘোষণা করা হবে বৃহষ্পতিবার। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. রেজাউল ইসলাম রায় ঘোষণা করবেন। ২০০৫ সালের ১৭ জানুয়ারির ওই ঘটনার মামলায় সাত আসামি হলেন জামা'আতুল মুজাহিদিনের সদস্য- চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভোলামারী গ্রামের মো.তরিকুল ইসলাম (২০), শিবনগর জায়গীর গ্রামের আব্দুন নূর সাইদী (২০), নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ফরাজীকান্দা গ্রামের মো. মাসুম মিয়া (২৬), খুলনার দাকোপ উপজেলার সুতারমারি গ্রামের শওগাত সর্দার (২৩), বাগেরহাটের মোল্লারহাট উপজেলার বুড়িগাংনী গ্রামের আবদুল্লাহ (২৫), চিতলমারী উপজেলার আড়োয়াবান গ্রামের ইসারাত আলী (২৪) এবং সাতক্ষীরা সদর উপজেলার সেলিমউদ্দিন। মামলার সব আসামি বর্তমান জামিনে রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ জানুয়ারি তারিখ রাতে কোটালিপাড়া পৌর এলাকার ব্র্যাক কার্যালয় থেকে ১৫/২০ জন ডাকাত নগদ টাকা, ৬টি মোটর সাইকেল, বাইসাইকেল ও অন্যান্য মালামাল লুট করে পালানোর সময় পুলিশ ধাওয়া করে প্রথমে দু'জন এবং পরে বাকি সাতজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় টুঙ্গীপাড়া থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সাত আসামির বিরুদ্ধে একই থানায় দায়ের করা ডাকাতি মামলা গোপালগঞ্জের আদালতে এবং অস্ত্র মামলা ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রইবুনালে বিচারাধীন রয়েছে। গত সেপ্টেম্বর মাসে বিষ্ফোরক মামলাটি মামলাটি দ্রুত বিচারের লক্ষ্যে এ আদালতে (৪ নম্বর) আনা হয়। তিনি আরো বলেন, মামলাটিতে রাষ্ট্রপক্ষে ২১ জনের মধ্যে গোপালগঞ্জ ও ঢাকার আদালতে ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২২৫২ ঘ.