ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রফিকুল ইসলাম ও কাইয়ূম ভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিএসএস সিকিউরিটির কর্মী।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে গুলশানের ৫৭ নম্বর রোডের ১৪ নম্বর প্লটে এবিসি কন্সট্রাকশনের একটি নির্মাণাধীন ভবনের দক্ষিণ প্রান্তে বালির নিচ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
ভবনের দুই নিরাপত্তারক্ষী পানি দিয়ে বালি সমান করার সময় এলাকাবাসী লাশের অস্তিত্ব টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে গুলশান থানা পুলিশ সেখান থেকে তরুণীর লাশ উদ্ধার ও নিরাপত্তাকর্মীদের গ্রেপ্তার করে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গতকাল গভীর রাতে মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার বাম কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।
রফিকুল ও কাইয়ূম ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে জানিয়ে এসআই বলেন, "ওই দুই নিরাপত্তারক্ষী বালির নিচে অজ্ঞাত ওই তরুণীর লাশটি পুঁতে রেখেছিল।"
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে গুলশান থানায় একটি মামলা করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেবি/পিডি/২১৪৭ ঘ.
bdnews24