সিরাজগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি কাজের দরপত্র দাখিলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া এক ঠিকাদারের গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে পাউবো কার্যালয়ে যাওয়ার পথে রাজশাহীর ঠিকাদার আবুল হোসেনের গাড়ি ভাংচুর করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে শহরের রাণীগ্রাম মহল্লার বাজারের কাছে হামলার শিকার হন তিনি।
হামলাকারীরা তার গাড়ির কাচ ভাংচুর করে। তার হামলায় গাড়ির পাশের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়।
আবুল হোসেন জানান, গাড়িতে তার সঙ্গে ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন রতু ও সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য।
আনোয়ার হোসেন রতু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শহরের কোবদাসপাড়া, চককোবদাসপাড়া ও রাণীগ্রাম মহল্লার কিছু দুর্বৃত্ত এই হামলায় জড়িত।
বরিশালের ওরিয়েন ট্রেডিং এন্ড বিল্ডার্স লিমিটেডের স্বত্ত্বাধিকারী মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসনের কার্যালয়ে তার প্রতিনিধি দরপত্র দাখিল করতে গেলে 'টেন্ডারবাজরা' বাধা দেয় এবং তাদের লাঞ্ছিত করে।
পরে তিনি নিজে গিয়ে জেলা প্রশাসকের কাছে দরপত্র জমা দেন।
এছাড়া পথে বাধার কারণে নির্ধারিত সময়ের পর দুপুর সাড়ে ১২টার দিকে পানি উন্নয়ন বোর্ডে (বিষেশায়িত) আরেকটি দরপত্র দাখিল করেন।
নাম প্রকাশ না করার শর্তে আরেক ঠিকাদার অভিযোগ করেন, দরপত্র জমা না দেওয়ার জন্য সকাল থেকে সব ঠিকাদারকে ডেকে নিয়ে সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি ভবনে দেন দরবার করা হয়।
সেখানে আওয়ামী লীগ, বিএনপি নেতা ও শীর্ষ পর্যায়ের ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারী আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শহর রক্ষাবাঁধ সংস্কারের জন্য ৩টি গ্র"পে প্রায় ৫৫ কোটি টাকার কাজের দরপত্র আহবান করা হয়।
বুধবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিলো।
পাউবো কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, কার্যালয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বাইরে গাড়ি ভাংচুর ও ঠিকাদারকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।
পানি উন্নয়ন বোর্ডের (বিষেশায়িত) নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক জানান, কার্যালয়ে থাকায় কয়েকজন ঠিকাদার নির্ধারিত সময়ের পরও দরপত্র দাখিল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24