নীলফামারী, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিশু হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত।
একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা ও দায়রা জজ আবু হানিফ এই রায় দেন।
দণ্ডিত ব্যক্তি হলেন- কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাহেদুজ্জামান (২৬)।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় নজরুলকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১৩ মার্চ সকালে পানিয়ালপুকুর গ্রামের একরামুল হকের ছেলে সোহেল (১০) প্রতিবেশি নজরুলের সুপারি গাছে ঢিল মারে।
এ ঘটনায় সোহেলকে বেধড়ক পেটানো হয়। কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার দুদিন পর মারা যায় সে।
সোহেলের মা জাহানারা বেগম বাদি হয়ে নজরুল ইসলাম ও তার ছেলে সাহেদুজ্জামানকে আসামি করে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১০ ঘ.
bdnews24