২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিল্ডিং ছাড়া আধুনিক আর কিছুই পাওয়া গেল না'

গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 01:12 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

গাইবান্ধা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। বুধবার সকালের দিকে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আধুনিক হাসপাতালে বিল্ডিং (দালান) ছাড়া আধুনিক আর কিছুই পাওয়া গেলো না।" তিনি বলেন, "এখানে (হাসপাতাল) ভর্তি হওয়া রোগীদের বালিশ নাই। তারা জ্যাকেট, কাঁথা, কম্বল মাথায় দিয়ে আছেন। সরবরাহ করা বালিশগুলো তাহলে কি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বাড়ির তোষক বানাতে ব্যবহার করেছে!" মিজানুর রহমান বলেন, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, দালাল চক্রের তৎপরতা, ঘুষ দিয়ে স্যালাইন, ইনজেকশন, ঔষধ নেওয়া, সিলবিহীন সিরিঞ্জ সরবরাহ, অপরিষ্কার পরিবেশ মানবাধিকার কমিশনকে মর্মাহত করেছে। এছাড়া নাগরিক সনদে (সিটিজেন চার্টার) হাসপাতাল থেকে সরবরাহ করা ঔষধের যে তালিকা আছে, তার হিসাব এবং এক্সরে বিভাগে মূল্য তালিকা নির্ধারিত না থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। হাসপাতাল পরিদর্শনের আগে মানবাধিকার কমিশনের প্রধান গাইবান্ধায় সরকারি উচ্চ বালক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষকরা শ্রেণী কক্ষে পাঠদানের চেয়ে প্রাইভেট পড়াতে বেশি গুরুত্ব দেন। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গাইবান্ধা নাগরিক পরিষদের উদ্যোগে মিজানুর রহমানকে সম্মাননা দেওয়া হয়। নাগরিক পরিষদের আহবায়ক আহসানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা সভায় আরো উপস্থিত ছিলেন- গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ফজলে রাব্বি মিয়া, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শামছুল আলম হিরু, শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, পৌর মেয়র আনোয়ার-উল-হাসান সবুর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১০ ঘ.