চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার চাঁদ নিবাস দুই বছর ধরে ধীরে ধীরে হেলছিলো বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।
দীর্ঘদিন ধরে হেলার এ প্রক্রিয়া চললেও মঙ্গলবার তা ধরা পড়ার পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নজরে আনে স্থানীয়রা। এরপরই কর্তৃপক্ষ তৎপর হয়।
পাঁচ তলা ওই ভবন হেলে পড়লেও এর বাসিন্দাদের এখনি সরিয়ে নেওয়া হচ্ছে না। তবে ভবনটি ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের ১১০/১১ এস নম্বর 'চাঁদ নিবাস' বাড়িটি পাশের 'রিলায়েন্স প্লাজা' নামের আরেকটি ছয় তলা ভবনের ওপর হেলে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর শুনে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী, পুলিশ, সিডিএ কর্মকর্তারা। ভবনটির মালিক সৌদি আরব প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী চাঁদ সুলতানা।
সিডিএ'র অথরাইজেশন অফিসার এজিএম সেলিম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুসন্ধানে দেখা গেছে, ভবনটি দুই থেকে আড়াই বছর ধরে ক্রমাগত হেলছে। তবে এখনই 'চাঁদ নিবাস' থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই।"
এ ভবনের বিষয়ে সিডিএ'র বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নেবে জানিয়ে তিনি বলেন, ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে নগরীর ইমারতগুলোর মান নির্ণয়ে একটি সাত সদস্যের কমিটি আছে। তারাই পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
তদন্ত শুরুর জন্য সিডিএ'র বিশেষজ্ঞ কমিটিকে বৃহস্পতিবার চিঠি দেওয়া হবে বলে জানান সেলিম।
ভবনটি হেলে পড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, "রিলায়েন্স প্লাজা নির্মাণের সময় করা পাইলিং এর কারণে আড়াই বছর আগে থেকেই চাঁদ নিবাস হেলতে শুরু করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।"
সিডিএ'র বিশেষজ্ঞ কমিটির প্রধান ও চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, সিডিএ'র চিঠি পেলেই কমিটির সদস্যরা দুটি ভবনেরই নকশা ও বর্তমান অবস্থা পরিদর্শন করবে।
ভবন হেলে পড়ার বিষয়ে তিনি বলেন, "প্রাথমিক তদন্তেজানা গেছে, রিলায়েন্স প্লাজা ভবনটিতে ভূগর্ভস্থ গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এই গাড়ি পার্কিং নির্মাণের সময় পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়ায় চাঁদ নিবাস হেলে পড়ে।"
"যেহেতু দীর্ঘদিন থেকে ভবনটি হেলানো এবং ভবনে কোনো ফাটল নেই, তাই এখনই বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই", বলেন অধ্যাপক জাহাঙ্গীর।
তবে ভবনটি মাঝারি মাত্রার ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি।
দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনটি হেলে পড়েছে, তা ঠিক। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিডিএ।
এ মাসের শুরুতে রাজধানীর কাঁঠালবাগানে একটি ভবন ধসে হেলে পড়ে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখন নির্মাণাধীন ওই ভবন ভাঙার কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৪২৭ ঘ.
bdnews24