২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কাপাসিয়া বাস চলাচল বন্ধ

দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যুর পর বাস পোড়ানো ও ভাংচুরের প্রতিবাদে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 07:33 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

গাজীপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যুর পর বাস পোড়ানো ও ভাংচুরের প্রতিবাদে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিকরা। ওই সড়কে বুধবার সকাল থেকে কোনো বাস না চললেও ট্রাক এবং ছোট ছোট যাত্রীবাহী যান চলাচল করছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাজাবাড়ি এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি বাস মটর সাইকেল আরোহী আমিনুল ইসলাম (২৬) ও খোকন খানকে (২৪) চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকাবাসী ও বিক্ষুব্ধ কলেজ ছাত্ররা ওই বাসটিতে আগুন ধরিয়ে রাজাবাড়ি এলাকায় ঢাকা-কাপাসিয়া সড়ক বিকাল সোয়া ৫টা পর্যন্ত অবরোধ করে রাখে। অনন্যা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক কামরানুর রশিদ তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বাস পোড়ানো এবং ভাংচুরের প্রতিবাদে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে সব ধরনের যাত্রীবাস চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন, "অবরোধ তুলে নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে আরো ৭-৮টি বাস ভাংচুর করা হয়। তখন থেকে অনন্যা ক্লাসিকের একটি বাসের চালক দুলালসহ ৪-৫ জন চালক ও শ্রমিক নিখোঁজ রয়েছেন।" বাস পোড়ানোসহ এসব ঘটনার প্রতিবাতে বুধবার কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৩৩০ ঘ.