গাজীপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মটর সাইকেল চাপায় বাই সাইকেল আরোহী এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার দিকে কাপাসিয়া-চাঁদপুর আঞ্চলিক সড়কে কোটবাজালিয়া গ্রামের পঞ্চায়েতবাড়ির চাঁদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মটর সাইকেলটির দুই আরোহীও আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।
নিহত মাওলানা হযরত আলী (৬০) স্থানীয় তিলসুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার বাড়ি কোটবাজালিয়া গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে কাপাসিয়া থানার ওসি জামালউদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হযরত আলী গ্রামের বাড়ি থেকে বাই সাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন।
তিনি বলেন,"পথে চাঁদপুর মোড়ে ওঠার পর মটর সাইকেলটি তার বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।"
আহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান ওসি জামালউদ্দীন মীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৫৬ ঘ.
bdnews24