সিরাজগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ শহরের তিনটি মহল্লায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৩৫ জনকে আটক করেছে পুলিশ ও র্যাব।
মঙ্গলবার বিকাল পর্যন্ত আটককৃতদের মধ্যে ১২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদের যাচাই-বাছাইয়ের জন্য সিরাজগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছে বলে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
পৃথক ঘটনায় সিরাজগঞ্জ শহরের তিনটি স্থানে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষে নারী ও শিশুসহ শতাধিক ব্যক্তি আহত হয়।
এ সময় ৪০টি ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে এবং ২টি দোকানে অগ্নিসংযোগ করা হয়।
আগের দিনও শহরের দুটি মহল্লার যুবকদের মধ্যে সংঘর্ষ হয়েছিলো।
এসআই আব্দুল মালেক জানান, র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে সোমবার রাতে ৩০ জনকে আটক করে।
মঙ্গলবার সকাল ও বিকালে আটক করা হয় আরো পাঁচজনকে।
এদিকে মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ধানবান্ধি মহল্লার ডোবাপাড়া ও নিমতলা এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় ৭-৮টি বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও র্যাব আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।
এরা হলেন- ধানবান্ধী জিএম হিলালী রোডের গোলাম মোস্তফা ও সুব্রত কুমার।
জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট দেলোয়ার হোসেন সাঈদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরো বলেন, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করা হচ্ছে। যারা সংঘর্ষে জড়িত নয় তাদেরকে ছেড়ে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২১ ঘ.
bdnews24