বাগেরহাট, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে মঙ্গলবার জেলা ছাত্রদল নেতা শেখ এমাদুল কবিরের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
ছাত্রদলের ক্রীড়া সম্পাদক কবির সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে।
ঘটনায় জড়িত সন্দেহে জাহানারা বেগম (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
এর জেরে দুপুরে কাড়াপাড়া গ্রামের কয়েকটি বসত ঘর পুড়িয়ে দেয় এবং একটি মুদি দোকানে ভাংচুর চালায় একদল দুর্বৃত্ত।
নিহত এমাদুলের বড় ভাই শেখ মাহফুজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় দাউদ ও আলী নামের দু'জনের কাছে এমাদুলের বেশকিছু টাকা লগ্নি করা ছিল। সোমবার রাত ৮টার দিকে দাউদ মোবাইল ফোনে এমাদুলকে আশি হাজার টাকা পরিশোধ করবে জানিয়ে তাকে দক্ষিণ পাড়ার বাড়িতে যেতে বলে।
এরপর থেকে এমাদুল নিখোঁজ ছিল।
মঙ্গলবার ১২টার দিকে দাউদের বাড়ির সামনের ধানক্ষেতে এমাদুলের লাশ পাওয়া যায়।
বসতঘরে অগ্নিসংযোগ এবং দোকানে ভাংচুরের কথা স্বীকার করে বাগেরহাট সদর মডেল থানার ওসি শাহিদুল ইসলাম বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় দাউদের বড় বোন জাহানারাকে আটক করা হয়েছে।
তবে এখনও মামলা হয়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৩৭ ঘ.
bdnews24