ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশপাশের জেলায় চলমান জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ফ্ল্যাট-প্লট ও উপশহর তৈরির প্রকল্প কার্যক্রম আরো জোরদার করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়। কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীনে সারাদেশে যে সব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোর অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বেহাত হওয়া সম্পত্তির দখল বুঝে নিয়ে সেগুলো যথাযথভাবে সরকারি কাজে ব্যবহার করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
গত দুই বছরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বিভিন্ন সমিতি ও প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া জমি নিয়ে বৈঠকে আলোচনা হয়। এবং ইনস্টিটিউট অব সায়েন্স, ট্রেড এন্ড টেকনোলজি (আইএসটিটি), মিরপুর ও দি মার্কস ইএনটি ক্লিনিক এন্ড জেনারেল হাসপাতাল প্রা. লি. মিরপুর-এর নামে বরাদ্দ জমির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আগামী সভায় উপস্থাপনের জন্য বলেছে কমিটি।
কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, নূর-ই-আলম চৌধুরী, আসাদুজ্জামান খাঁন, জহিরুল হক ভূঞা মোহন, লুৎফুর রহমান, নসরুল হামিদ, এনামুল হক এবং বেগম সাফিয়া খাতুন বৈঠকে অংশ নেন।
বৈঠকের শুরুতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি লুৎফুল হাই এর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২৯ ঘ.
bdnews24