বাগেরহাট, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনের সফিখালী এলাকায় বাঘের আক্রমণে এক জেলে মারা গেছেন।
মঙ্গলবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের এই এলাকায় এই ঘটনা ঘটে বলে প্রজনন কেন্দ্রের একজন কর্মকর্তা জানান।
নিহত জেলে হলেন- কাশেম সরদার (৩০)। তার বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা বাজার এলাকায়।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে কাশেম বন বিভাগের পাস নিয়ে মাছ ধরতে যান। সফিখালী এলাকায় খালে মাছ ধরার সময় বাঘের কবলে পড়ে তিনি।
প্রজনন কেন্দ্রের কর্মকর্তা জানান, বাঘটি কাশেমকে ধরে নিয়ে বনের ভেতরে চলে যায়। দুপুরে স্থানীয় গ্রামবাসী ও বনকর্মীরা তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১০ ঘ.
bdnews24