২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জাতীয় নির্বাচনেও ই-ভোটিং চালুর আগ্রহ প্রধানমন্ত্রীর'

দেশজুড়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি চালুর উদ্যোগ নিতে ইসিকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন এক নির্বাচন কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 05:29 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশজুড়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি চালুর উদ্যোগ নিতে ইসিকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন এক নির্বাচন কমিশনার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে রোববার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার উপস্থিতিতে এ পরামর্শ দেন। সোমবার জানান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা জানান। এক্ষেত্রে সরকারের পক্ষ থেবে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। সাখাওয়াত নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের বলেন, "সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আলাপের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সব নির্বাচনের ভোটগ্রহণে ইভিএম পদ্ধতি ব্যবহার করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ইচ্ছা, আগামি জাতীয় সংসদ নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হোক। "এ সময় প্রধানমন্ত্রী জানান এ পদ্ধতি চালু হলে স্বচ্ছ ব্যালট বাক্সের আর কোনো প্রয়োজন হবে না। এর আগে গত ২৯ জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় পুরো দেশে ই-ভোটিং পদ্ধতি চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। গত জুনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় দেশে প্রথমবারের মতো ই-ভোটিং চালু হয় চট্টগ্রাম মহানগরীর জামালখান রোড এলাকার ২১ নম্বর ওয়ার্ডে। এ ওয়ার্ডের ১৪টি ভোটকেন্দ্রে ৭৯টি ভোটকক্ষে ২৫ হাজার দুশ ৩০ জন ভোটার ছিল । এম সাখাওয়াত হোসেন জানান, আগামী ডিসিসি নির্বাচনে তিনটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে। এর পাশাপাশি আসন্ন ইউনিয়ন ও পৌর নির্বাচনের ভোটগ্রহণেও ইভিএম ব্যবহার করার চিন্তা রয়েছে কমিশনের। ডিসিসি'র জন্যে প্রায় ৪শ' ইভিএম সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি। ইভিএম ব্যবহার হলে কেউ সিল দিতে পারবে না, বাক্স ছিনতাই করতে পারবে না। কেউ ইভিএম ছিনিয়ে নিলেও কোনো কাজ হবে না। বড় আঙ্গিকে ই-ভোটিং চালুর আগে ছোট পরিসরে ইউপি, পৌরসভা ও উপ নির্বাচনে এ পদ্ধতি প্রয়োগের পরিকল্পনা রয়েছে ইসির। সাখাওয়াত জানান, "বুয়েটের এক দল গবেষক ইতোমধ্যে কাজ শুরু করেছে। সহজে বহনযোগ্য উন্নতমানের ই-ভোটিং মেশিন তৈরি করতে বাংলাদেশ মেশিন টুলস ফেক্টরির সঙ্গে একটি চুক্তি করা যেতে পারে । কমিশনের বৈঠকে এ নিয়ে আরো বিস্তাারিত আলোচনা করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩২০ ঘ.