সিরাজগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার সুজানগরে একটি মোবাইল ফোনসেটের জন্য আট বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে।
সোমবার ভোররাত ৪টার দিকে উপজেলার হাসানপুর গ্রামে পদ্মার পাড় থেকে উদ্ধার করা হয় শিশু রাহাতের লাশ।
পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, এ ঘটনায় জাহিদুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সুজানগর থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল ১০টার দিকে হাসানপুর গ্রামের হাফিজ প্রামাণিকের ছেলে রাহাত একটি মোবাইল ফোনসেট নিয়ে খেলা করছিলো।
ওই সময় একই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে জাহিদুল ইসলাম (২৫) তাকে চকলেট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়।
এরপর থেকে রাহাতকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এক পর্যায়ে রাতে গ্রামবাসী জাহিদুলকে আটক করে পুলিশে সোর্পদ করে।
ওসি জানান, জাহিদুলের স্বীকারোক্তিনুযায়ী সোমবার ভোররাত ৪টার দিকে হাসানপুর গ্রামের পদ্মা নদীর পাড় থেকে রাহাতের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা হয়েছে বলে তিনি জানান।
এদিকে, ঈশ্বরদী উপজেলায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে খুন হয়েছেন রতন (২৬) নামের এক ব্যক্তি।
সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার চর দাইরপাড়া গ্রামের রতন রোববার তার শ্বশুর তাসু সেখের বাড়ি বেড়াতে আসেন।
রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী লাবনীর (২৫) সঙ্গে তার ঝগড়া হয়।
এসআই জানান, একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রতনের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতে চিহৃ রয়েছে।
তিনি বলেন, হত্যার পর তাকে গাছে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।
ভাঙ্গুড়ায় যুবকের লাশ
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার গুমানী নদীতে ভাসমান অবস্থায় সোমবার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আনোয়ার হোসেন (২৫) দিনাজপুরের বিরল উপজেলার সারাঙ্গাই পলাশবাড়ি গ্রামের এমাজ উদ্দিনের ছেলে।
ভাঙ্গুড়া থানার ওসি আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে আনোয়ার বাড়ি ফিরছিল।
ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা রেলসেতুর ওপরের লোহার কাঠামোর সঙ্গে ধাক্কা লেগে ছাদ থেকে তিনি গুমানী নদীতে পড়ে যান।
অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। তিনদিন পর সোমবার দুপুরে গুমানী নদীর বেতুয়ান এলাকায় তার মৃতদেহ ভেসে উঠে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24