ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা ও ঝিনাইদহ জেলায় সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
মাগুরায় শ্রীপুর-মাগুরা সড়কে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ইজিবাইককে স্যালোইঞ্জিন চালিত যান গ্রামবাংলা আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে ঝিনাইদহ-মাগুরা সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মটর সাইকেলের মধ্যে ওই দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাগুরা প্রতিনিধি জানান, সোমবার সকাল ১০টার দিকের ওই দুর্ঘটনায় ইজিবাইক চালক ইকরাম হোসেন (২০) নিহত হন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী শ্রীপুর-মাগুরা সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কুমকুম বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে শ্রীপুর থেকে মাগুরা আসার পথে আঠারখাদা মঠবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, "এতে ইজিবাইক চালক ইকরাম হোসেন গুরুতর আহত হন। মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।"
এসআই কুমকুম জানান, এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী মাগুরা-শ্রীপুর সড়ক অবরোধ করে। পরে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ইকরাম শহরতলীর আঠারখাদা গ্রামের ইনসার মোল্যার ছেলে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটির ওই দুর্ঘটনায় মোজাম্মেল হক পিটার (২৮) নামের এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত হয় তার খালাতো বোন রওশনারা (৩০) ও তার ছেলে মাহমুদ হাসান নাইম (৫)।
নিহত তিতাস মাগুরার হাজিপুর গ্রামের তপন বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিটার তার খালাতো বোন ও বোনের ছেলেকে নিয়ে ঝিনাইদহ থেকে মটর সাইকেলে মাগুরার দিকে যাচ্ছিলো।
তিনি বলেন, "পোড়াহাটিতে পেছন থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস তাদের মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার উপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থালে পিটারের মৃত্যু হয়।"
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও চালককে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৩৮ ঘ.
bdnews24