ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীরোত্তম খতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সেক্টর কমাণ্ডার মীর শওকত আলীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্ত্রী তাহমিনা শওকত।
সোমবার সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সামরিক কবরস্থানে দাফন করা হবে। তিনি ছিলেন একজন পেশাজীবী সৈনিক। দেশমাতার জন্য অকুতোভয়ে যুদ্ধ করেছেন। সেজন্যই হয়ত বাংলাদেশ সেনাবাহিনীর এই বীর সৈনিক এরকম ইচ্ছা প্রকাশ করে গেছেন।"
মীর শওকতের তিন মেয়েসহ (বড় মেয়ে সিনথিয়া, মেজ মেয়ে সোনিয়া ও ছোট মেয়ে তানিয়া) রোববার বিকালে তাহমিনা শওকত লন্ডন থেকে ঢাকায় আসেন।
এদিকে মীর শওকতের প্রথম নামাজে জানাজা তার শৈশবের ঠিকানা পুরান ঢাকার লালবাগের শাহী মসজিদে সকাল ১০টায় জানাজার পর তার কফিন নিয়ে যাওয়া হবে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে তার আরেক জানাজা হবে সাড়ে ১০টার পর।
সেখান থেকে সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা শেষে বাদ জোহর সর্বশেষ জানাজা হবে সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে।
শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মীর শওকত (৭২) মারা যান। তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচএ) হিমঘরে রাখা ছিলো।
সোমবার সকাল ৯টায় তার কফিন সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে গুলশানের মরহুমের বাসা 'মার্শাল হাউজ' এ আনা হয়। সেখানে পরিবারের সদস্যরা শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।
মীর শওকতের একমাত্র ছেলে মার্শাল শওকত বছর খানেক আগে লন্ডনে মারা যান।
মীর শওকত আলীর জন্ম ১৯৩৮ সালে। মুক্তিযুদ্ধে তিনি ৫ নং সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য তিনি বীরোত্তম খেতাব লাভ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পূণর্গঠনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে ইনফেন্ট্রি ব্রিগেড গঠন করে এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে চীফ অফ জেনারেল স্টাফ, ইনফেন্ট্রি ডিভিশন ও নবম পদাতিক ডিভিশনের প্রতিষ্ঠাতা জেনারেল স্টাফ অফিসার, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রিন্সিপাল স্টাফ অফিসার পদে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে তিনি লে. জেনারেল হিসেবে অবসর নেন।
অবসরের পর তাকে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জার্মানি, ব্রিটেন, মিশর, অস্ট্রিয়া, পর্তুগাল ও সুদানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে মীর শওকত রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি বিএনপির সহসভাপতি ছাড়াও ১৯৮৮ সালে মহানগর বিএনপি সভাপতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/০৯৪৩ ঘ.
bdnews24