২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার রোধে আইন সংস্কার হচ্ছে: মুহিত

অর্থ পাচার ও সন্ত্রাস বিরোধী আইনের পর্যালোচনা করতে সরকার একটি কার্যকরি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 10:41 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচার ও সন্ত্রাস বিরোধী আইনের পর্যালোচনা করতে সরকার একটি কার্যকরি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার এ সম্পর্কিত সমন্বয় কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। কমিটিতে ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সচিবদের প্রধান করে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থার প্রতিনিধিদের রাখা হবে বলে জানান অর্থমন্ত্রী। অর্থ পাচার ও সন্ত্রাসবিরোধী বিদ্যমান আইনটি শক্তিশালী করতে এর সংস্কারের বিষয়ে একমত হয়েছে কমিটি। "সেইসঙ্গে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একটি নতুন আইন প্রণয়ন করতে হবে", বলেন মুহিত। নতুন আইন হলে অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নের বিষয়ে বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যে তথ্য বিনিময়ের সুযোগ অবাধ হয়ে উঠবে বলে মনে করছেন তিনি। মুহিত জানান, বর্তমানে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে এ সম্পর্কিত তথ্য লেনদেন হয়ে থাকে। "নতুন আইন হলে বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনা এবং এ সংক্রান্ত তথ্য আদান-প্রদানে সরকারের কাজ সহজ হয়ে উঠবে। আইনটি হলে আমরা এ ব্যাপারে গ্লোবাল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে পারবো", বলেন তিনি। বৈঠকে অর্থপাচার মোকাবেলার কৌশল অ্যান্টি মানি লন্ডারিং স্ট্র্যাটেজি এবং সন্ত্রাসবাদে অর্থায়ন ঠেকানোর কৌশল কমব্যাটিং ফিন্যান্সিং অফ টেররিজম নিয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী বলেন, "আমরা মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নের ঝুঁকির বিষয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরির জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) বলেছি।" বৈঠকে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এসইসি প্রধানসহ পররাষ্ট্র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেবি/এমআই/১৬৪০ ঘ.