ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ২৫ লাখ শিশুর অংশগ্রহণে আগামী ২৩ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফসারুল আমীন রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এবার পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২৪ লাখ ৮৮ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
আগামী ২৯ নভেম্বর পরীক্ষা শেষ হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত একটি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৬ নভেম্বর সরকারি ছুটি থাকায় ওই দিন পরীক্ষা হবে না।
এবার মোট ৬ হাজার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে বাংলাদেশের বাইরে ৭টি কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলো হলো- রিয়াদ, জেদ্দা, আবুধাবী, কাতার, ত্রিপলী, সিঙ্গাপুর ও বার্লিন।
প্রাথমিক সমাপনী পরীক্ষা গত বছর শুরু হয়েছে। গতবার শুধু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হলেও এবার এবতেদায়ি পরীক্ষাও একসঙ্গে হচ্ছে।
ডিসেম্বরের ২২ থেকে ২৭ তারিখের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের আশা করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।
তিনি বলেন, "এবার প্রতি উপজেলায় এক স্থানে বসে খাতা দেখা হবে। ফলাফলের পর সনদ নেওয়ার সময় কোনো স্কুল যদি টাকা নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
দুর্গম পরীক্ষা কেন্দ্র হিসেবে ১৬৬টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২১ লাখ ৫৭ হাজার ৯০৭ জন এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩ লাখ ৩১ হাজার ১৩৩ জন। এছাড়া ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৪৯ জন।
২০০৯ সালে মোট পরীক্ষার্থী ছিলো ১৯ লাখ ৭৯ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ৯২% পরীক্ষার্থী অংশ নেয়। কৃতকার্য হয়েছিল ৮৮ দশমিক ৮৪ শতাংশ। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫৭টি। এর মধ্যে দেশের বাইরে কেন্দ্র ছিলো পাঁচটি।
মন্ত্রী বলেন, "গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তাই বোঝা যাচ্ছে, গতবার অকৃতকার্যরাও পরীক্ষায় অংশ নিচ্ছে।"
তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি মন্ত্রণালয়।
এবার প্রাথমিকের বৃত্তি ৫ হাজার বাড়িয়ে ৫৫ হাজার করা হয়েছে। তবে এবার মাদ্রাসা শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় নেই।
পরীক্ষার সংক্রান্ত তথ্যের জন্য মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও উপজেলা/থানা শিক্ষা কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০২-৭১৬০২৯২ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০২-৮০১৮১২৩ ও ০২-৯০১২৯২০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/এমইউএস/এমআই/১৫৩০ ঘ.
bdnews24