২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অফিস খোলা, উপস্থিতি কম

ঈদের ছুটি শেষে রোববার অফিস-আদালত খুলেছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 05:40 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি শেষে রোববার অফিস-আদালত খুলেছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম। বাংলাদেশ সচিবালয়ে সকাল ৯টা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারিরা আসতে শুরু করেন। তবে উপস্থিতির হার একেবারেই কম। দর্শণার্থীদের ভিড়ও তেমন নেই। সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঈদের ছুটির পর রোববার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার প্রায় ৫০ শতাংশ। সচিবালয়ের অনেক কক্ষে সকাল ১১টায় তালা ঝুলতে দেখা গেছে। কর্মকর্তা-কর্মচারীরা যারা অফিসে এসেছেন, তারা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছুটি শেষ হলেও অনেকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরতে পারেননি, তাই উপস্থিতির হার কম। সোমবার-মঙ্গলবারের মধ্যে উপস্থিতি হার বাড়বে।" ঈদের ছুটির কারণে সচিবালয়ে দর্শণার্থীদের অভ্যর্থনা কক্ষটি প্রায় খালিই দেখা গেছে। যেখানে প্রতিদিন শতাধিক মানুষের ভিড় থাকে, রোববার সকাল ১০টার দিকে সেখানে মাত্র কয়েকজন দর্শণার্থীকে পাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। অর্থ মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায় অর্থমন্ত্রী সকাল থেকেই ব্যস্ততার মধ্যে রয়েছেন। একটি বৈঠক শেষে অন্য বৈঠকে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১১৩৫ ঘ.