২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া নিয়ে পাইকাররা বিপাকে

ঈদে পশুর চামড়া কিনে বিপাকে পড়েছেন চামড়ার পাইকারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 05:27 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে পশুর চামড়া কিনে বিপাকে পড়েছেন চামড়ার পাইকারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা বলছেন, কাঙ্খিত মূল্যে চামড়া বিক্রির জন্য এখন তারা কোন মহাজন বা ক্রেতা পাচ্ছেন না। তারা আরো বলছেন, চামড়া পচনশীল। তাই লবন দিয়ে বেশি দিন রাখা যাবে না। এদিকে ট্যানারির মালিকরা গড়িমসি করলে চামড়া বিদেশে পাচার হয়ে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি আফতাব খান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষুদ্র ব্যবসায়ীদের বিপাকে পড়ার কিছু নেই। মঙ্গল-বুধবার থেকে চামড়া বেচাকেনা শুরু হওয়ার সম্ভবনা রয়েছে।" তিনি বলেন, "ঢাকায় চামড়ার পাইকারি বাজার পোস্তায় যত চামড়া রয়েছে তার সত্তর শতাংশ ট্যানারির মালিকরা এজেন্টের মাধ্যমে কিনে গুদামজাত করে রাখেন। আর ত্রিশ শতাংশ চামড়া বেপারি ও ফড়িয়ারা কিনে থাকেন।" তিনি আরো বলেন, "পোস্তায় মোট ২৪৩টি আড়ত রয়েছে। এর মধ্যে দেড়শ আড়তে চামড়া রাখা হয়। বাকি আড়তে এখন আর তা রাখা হয় না।" এই ঈদে যথেষ্ট চামড়া পাওয়া গেছে বলে জানান আফতার খান। তিনি বলেন, "আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৪০লাখ পিস চামড়া। আশা করছি এর চেয়ে বেশি পাওয়া যাবে।" এদিকে ক্ষুদ্র ব্যবসায়ী বা ফড়িয়া মাহমুদ হোসেন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি দুই হাজার পিস চামড়া কিনেছেন। প্রতি বর্গফুট চামড়ার জন্য তার গড়ে খরচ পড়েছে ১শ টাকা। চামড়া ব্যবসার সঙ্গে যুক্ত তিনটি সংগঠনের নির্ধারণ করে দেওয়া মূল্যে কেন চামড়া কেনেননি- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, চামড়ার ক্রয়মূল্য প্রকাশ করা হয়েছে ঈদের একদিন আগে। তাই ঈদের আগে চামড়ার যে দাম ছিলো সে দামেই দালালরা বা মৌসুমি ব্যবসায়ীরা চামড়া কিনেছেন।" চামড়ার মূল্য আরো আগে প্রকাশ করা উচিত ছিল বলে তিনি জানান। তিনি আরো বলেন, "আমার মতো প্রায় ১২শ' ফড়িয়া আছে পোস্তা এলাকায়।' জুয়েলের মতো উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী জনি, মোবারক, আনু, বাদল ও নয়ন। তালিকা প্রকাশে বিলম্বের কথা স্বীকার করে বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি আফতাব খান বলেন, "আমরা চেয়েছি আগে প্রকাশ করতে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তা পারিনি।" তিনি বলেন, "ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ সত্য নয়। প্রতি বছর ঈদের এক সপ্তাহ পরেই মূল বেচা-কেনা শুরু হয়।" চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ী মো. আলী সওদাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ১০ হাজার পিস গরুর চামড়া কিনেছেন। প্রতি বর্গফুট চামড়ায় ৮৫ থেকে ৯০ টাকা খরচ পড়েছে। তিনটি সংগঠনের নির্ধারিত মূল্যে চামড়া কেন কেনেননি- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "ক্ষুদ্র ব্যবসায়ীরা সমস্যার সৃষ্টি করেছে। আর অন্য জেলার ক্রেতারা এসে চামড়ার দাম বাড়িয়ে দিয়েছিলেন। তাদের সাথে প্রতিযোগিতা করে চামড়া বেশি দামে কিনতে হয়েছে।" তিনি জানান, তার মত ১শ ১২ জন পাইকারি ব্যবসায়ী বেশি দাম দিয়ে চামড়া কিনেছেন। কিন্তু মুনাফা হবে কিনা তা নিয়ে সবাই চিন্তিত। ঢাকার পাইকারি ব্যবসায়ী হাজি সমীর বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, তিনি ২২ হাজার পিস চামড়া কিনেছেন। প্রতি বর্গফুট চামড়ায় ১শ টাকার উপরে খরচ পড়েছে। তিনি বলেন, "নির্ধারিত দামে চামড়া কিনলেও একটি চামড়ার পিছনে সব মিলিয়ে ২শ টাকা খরচ হয়।" তিনি বলেন, "এক বস্তা লবনের দাম ৩শ ৮০ টাকা। তাছাড়া আড়তে মাল রাখলে পিস প্রতি ১৫ থেকে ২৫ টাকা আড়তদারকে দিতে হয়।" তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "ট্যানারির মালিকরা মাল কিনতে গড়িমসি করলে চামড়া বিদেশে পাচার হয়ে যেতে পারে।" বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টারস এসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) উপদেষ্টা রেজাউল করিম আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের (পাইকারি ও খুচরা ব্যবসায়ী) জন্য একটি মূল্য নির্ধারণ করা হয়েছে। তারা কেন বেশি দামে চামড়া কিনলো ?" বিদেশে চামড়া পাচার হওয়ার আশঙ্কা প্রসঙ্গে রেজাউল করিম বলেন, "কাঁচা চামড়া পাচার হয় না।" তিনি আরো বলেন, "রোববার হাজারীবাগে ট্যানারি মালিকরা বিষয়টি নিয়ে একসঙ্গে বসবেন।" গত ১৫ নভেম্বর সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে ফোর সিজনস চাইনিজ রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে চামড়ার মূল্য তালিকা প্রকাশ করে দেশের চামড়া শিল্পের তিনটি সংগঠন। সংগঠন তিনটি হল বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টারস এসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন ও বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএফএলএলএফইএ-এর উপদেষ্টা রেজাউল করিম আনসারী। এতে বলা হয়, তিনটি সংগঠন ঐক্যমত পোষণ করে ঢাকার জন্য প্রতি বর্গফুট গরুর চামড়ার ক্রয়মূল্য ৫৫ থেকে ৬০ টাকা, ঢাকার বাইরের জন্য ৪৫ থেকে ৫০ টাকা, সারাদেশের জন্য বকরির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা এবং খাসির চামড়ার ক্রয়মূল্য ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করেছে। বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি আফতাব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড় আকারের একটি গরু ২৩ থেকে ২৫ বর্গফুট হয়ে থাকে আর বকরি বা খাসি সাড়ে তিন বর্গফুট হয়ে থাকে। ফলে বড় আকারের গরুর একটি চামড়ার মূল্য সাড়ে ১২শ থেকে ১৩শ টাকা হবে আর বকরির চামড়ার মূল্য ৭০ থেকে ৮০ টাকা এবং খাসির চামড়ার মূল্য হবে ৯০ থেকে ১শ টাকা। তিনি আরো জানান, এই মূল্য নির্ধারণের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা লোকসানের হাত থেকে রক্ষা পাবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদসহ তিন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১১২৪ ঘ.