ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো মুক্তিযোদ্ধা বা তার পরিবার অর্থাভাবে থাকবে না। সাধ্যমতো তাদের জন্য আবাসনসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রোববার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে ৫৩ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ কার্যালয়ে যান। সেখানে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠসহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম ও তিন বাহিনীর প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় মুক্তিযোদ্ধাদেরকে 'জাতির শ্রেষ্ঠ সন্তান' হিসেবে অভিহিত করে বলেন, "মুক্তিযোদ্ধারা আমাদের কাছে বিশেষ অবস্থানে আছেন। তাদের সম্মান ও মর্যাদা আমরা সমুন্নত রাখবো।"
তিনি বলেন, "কোনো মুক্তিযোদ্ধা বা তার পরিবারের সদস্যরা আর্থিক দৈন্যে থাকবে না। আমরা আমাদের সীমিত সামর্থ্যরে মধ্যে তাদের জন্য আবাসনসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবো।"
শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতে স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং শহীদ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, "আমি চাই না, আমি বেঁচে থাকতে কোনো মুক্তিযোদ্ধা বা তার পরিবার কষ্টে জীবন যাপন করুক। বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের জন্যই আজকে আমাদের এই স্বাধীনতা।"
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে চেয়ারে বসেছিলেন তা দেখিয়ে বলেন, "আমি যে চেয়ারে বসে আছি তাও তাদের (মুক্তিযোদ্ধা) অবদান।"
দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের সময়কার বধ্যভূমি খুঁজে বের করে সংরক্ষণের কাজে হাত দেওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ আমাদের অন্যতম একটি প্রধান কাজ।"
প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ, তিন হাজার গৃহহীন মুক্তিযোদ্ধার আবাসন নিশ্চিতকরণ এবং রাজধানীর তেজগাঁওয়ে মুক্তিযোদ্ধা হাসপাতাল নির্মাণসহ এই সরকারের সময় তাদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, "সুবিধা নিশ্চিত করার জন্য ৬৫ বছর বা তার বেশি বয়সের মুক্তিযোদ্ধাদের তালিকা করা হচ্ছে।"
প্রধানমন্ত্রী বলেন, "৭৫'র পর মুক্তিযোদ্ধারা একে একে শহীদ হন বা নিগৃহীত হন বা চাকরি হারান।"
শেখ হাসিনা আরো বলেন, "৯৬'এ ক্ষমতায় এসে ৭০ হাজার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে সই করতে পেরেছিলাম। পরবর্তী সরকার এসে তা বাতিল করে দেয়। এবার আমরা ক্ষমতায় এসে আবার তা চালু করেছি। আমরা মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়েছি। সাথে সাথে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যাও বাড়িয়েছি।"
এর আগে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
সশস্ত্র বাহিনী দিবসে রোববার সকালে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা এবং তিন বাহিনীর প্রধান ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে আলাদাভাবে ফুল দেন।
রাষ্ট্রপতি প্রথমে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি স্বাধীনতা যুদ্ধে জীবন দানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছু সময় নিরবতা পালন করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয় এবং তিন বাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। সবশেষে তিন বাহিনীর প্রধান একসাথে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটিতে মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
১৯৭১ সালের এই দিন জনগণের সঙ্গে একাত্ম হয়ে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে সশস্ত্র বাহিনী।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, স্বাধীনতা আমাদের সর্বকালের শ্রেষ্ঠ অর্জন। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মহান স্বাধীনতার স্থপতি। ১৯৭১ সালের ২৬ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। যুদ্ধজয় ত্বরান্বি^ত করতে ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ সূচনা করে।
প্রধানমন্ত্রী তার বাণীতে বাংলাদেশের স্বাধীনতায় সশস্ত্র বাহিনীর জীবন উৎসর্গকারী সব সদস্যসহ মুক্তিযুদ্ধের সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে যথাযথ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার বাণীতে বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌ ও বিমান বাহিনীর ঘাঁটিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১২১৬ ঘ.
bdnews24