২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 04:10 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। সশস্ত্র বাহিনী দিবসে রোববার সকালে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি প্রথমে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি স্বাধীনতা যুদ্ধে জীবন দানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছু সময় নিরবতা পালন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পুষ্প স্তবক অর্পণ করেন। তিনি স্বাধীনতা যুদ্ধে জীবন দানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটিতে মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। ১৯৭১ সালের এই দিন জনগণের সঙ্গে একাত্ম হয়ে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে সশস্ত্র বাহিনী। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, স্বাধীনতা আমাদের সর্বকালের শ্রেষ্ঠ অর্জন। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মহান স্বাধীনতার স্থপতি। ১৯৭১ সালের ২৬ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। যুদ্ধজয় ত্বরান্বি^ত করতে ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ সূচনা করে। প্রধানমন্ত্রী তার বাণীতে বাংলাদেশের স্বাধীনতায় সশস্ত্র বাহিনীর জীবন উৎসর্গকারী সব সদস্যসহ মুক্তিযুদ্ধের সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে যথাযথ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার বাণীতে বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সশস্ত্র বাহিনী দিবসে রোববার সকালে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করবেন। এতে আরো বলা হয়, দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকাল ৪টায় সেনাকুঞ্জে বৈকালিক সংবর্ধনার আয়োজন করেছেন। এতে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, বিরোধী দলের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌ ও বিমান বাহিনীর ঘাঁটিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/এসইউএম/কেএমএস/০৯৪২ ঘ.