২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিকআপ-লেগুনা সংঘর্ষ, নিহত ৫

গাজীপুরে পিক-আপ ও লেগুনার সংঘর্ষে আরো একজনের মৃত্যু হয়েছে।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 03:55 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

গাজীপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে পিক-আপ ও লেগুনার সংঘর্ষে আরো একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা মোট পাঁচে দাঁড়াল। আহত ১৩ জন হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার কড্ডা সেতুর পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। নিহতরা হলেন- নেত্রকোনার সুশং দূর্গাপুর উপজেলার খেরণ খোলা গ্রামের রুহুল আমিন (৩৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (২৮), রংপুরের কাউনিয়া উপজেলার মাছহাড়ি গ্রামের শামসুল হকের ছেলে মকবুল মিয়া (২৫), লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ইসলামনগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে রাজু মিয়া (২৮) ও শামীম (২২)। আহতদের মধ্যে ১১ জনকে গাজীপুর সদর হাসপাতালে এবং ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোনাবাড়ি মহাসড়ক পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) আব্দুল হালিম গাছুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোর ৫টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে কোনাবাড়িগামী কাঁচামাল বোঝাই একটি পিক-আপের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মঞ্জুরা মারা যায়। গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে রাজু ও মকবুল মিয়া এবং চিকিৎসাধীন অবস্থায় শামীম ও রুহুল আমিন মারা যান। ময়নাতদন্তের জন্য লাশগুলো গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/এমইউএস