কিশোরগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ বলেছেন, বিচারকরাও এখন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।
শনিবার কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায় একটি স্থানীয় পত্রিকার কার্যালয়ে স্পিকার বলেন, "এমন কথাও শুনি একজন বিচারক কয়েক কোটি টাকা ঘুষ খেয়ে যে ধরনের রায় দিচ্ছেন তার ফলে সরকারের শত শত কোটি টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। এ ব্যাপারে সবাইকে এখনই সোচ্চার ও প্রতিবাদি হতে হবে।
"যার যা বেতন সেই বেতন নিয়েই চাকরি করতে হবে। উপরি আয় করতে হবে এমন চিন্তা বাদ দিয়ে এ ধরনের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে।"
পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আইনজীবীদেরকেও মক্কেলদেরকে জিম্মি করে অর্থ উপার্জনের মানসিকতা ত্যাগ করার আহবান জানান।
শুধু কাউকে দোষি করার জন্য সংবাদ প্রকাশ বা কেউ দুর্নীতি করলে সাংবাদিকদের চুপ থাকা উচিৎ নয় বলেও মন্তব্য করেন স্পিকার।। তিনি বলেন, "আমি যদি ভুল করি সেক্ষেত্রে সাংবাদিকরা তা তুলে ধরলে আমি খুশি হবো।"
দৈনিক সাতকাহনের সম্পাদক এটিএম নিজামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জন প্রতিনিধি, পেশাজীবি নেতারাও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২২৪ ঘ.
bdnews24