চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পরিচয়ে পুলিশ কর্মকর্তাকে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকালে বিশ্বজিৎ দে (৩৭) নামের ওই ব্যক্তিকে নগরীর চকবাজার এলাকার লাল চাঁদ রোড থেকে পুলিশ গ্রেপ্তার করে। সে সীতাকুণ্ড উপজেলার জাফরনগর এলাকার পীযুষ কান্তি দে'র ছেলে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি মামলার তদন্ত নিয়ে সে (বিশ্বজিত) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগমকে টেলিফোনে হুমকি দিয়েছে।"
তিনি জানান, এ সময় বিশ্বজিৎ নিজেকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় জোয়ারদার হিসাবে পরিচয় দেয়।
বৃহস্পতিবার রাতে নগরীর জামালখান এলাকায় স্থানীয় নিউজ এজেন্সি নিউজ বিএনএ'র সাংবাদিক ইয়াসীন হীরার ব্যক্তিগত গাড়ির সঙ্গে বিশ্বজিতের জিপ গাড়ির সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন হীরা।
ওই অভিযোগের তদন্ত নিয়ে 'বাড়াবাড়ি না করার' জন্য শুক্রবার রাতে আমেনাকে দুই দফা হুমকি দেওয়া হয়।
পরে এ হুমকির ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন একটি মামলা করেন।
এসআই সদীপ জানান, এ ঘটনার সঙ্গে যুক্ত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/এমআই/২০৫৫ ঘ.
bdnews24