ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শনিবার সকালে দু'টি সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ১১ জনকে সরাইল উপজেলার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মুখলেছুর রহমান জানান, সকাল ১০টার দিকে জমির দখল নিয়ে নওগাঁ ইউনিয়নের কাদানিসার গ্রামের আবুল হোসেন ও মন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয় পড়ে। এতে ১৫ জন আহত হয়।
এর মধ্যে মন মিয়া (৩৫), আবুল হোসেন (২৫), আসলাম (২০), মোখলেস (৪২) ও বিল্লালকে (৩০) সরাইলের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।। বাকিদের পরিচয় জানা যায়নি।
অপরদিকে একই উপজেলার চুন্টা ইউনিয়নের বড় বল্লা গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সকাল সাড়ে ১০টার দিকে আবদুল্লা মিয়া ও শামসুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়।
এর মধ্যে ফারুক (৩১), রফিকুল (২০), আব্দুল্লা (৩০), জিয়াউর রহমান (১৯), আলিম (৩৫), কালাম (৪৫) বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। বাকিদের নাম জানা যায়নি।
সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা দু'টি সংর্ঘষের খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০০০ ঘ.
bdnews24