২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার প্রতিবাদে বাজারে হামলা

এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে তার এলাকার একদল বাসিন্দা নড়াইলের লোহাগড়া উপজেলায় জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় বাজারে হামলা চালিয়ে কমপক্ষে ১০টি দোকান ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 01:25 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

নড়াইল, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে তার এলাকার একদল বাসিন্দা নড়াইলের লোহাগড়া উপজেলায় জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় বাজারে হামলা চালিয়ে কমপক্ষে ১০টি দোকান ভাংচুর করেছে। শুক্রবার রাতে ওই বাজারের মোবাইল ফোনের দোকান মালিক হিরু মোল্যাকে বাজার সংলগ্ন সিডি হাইস্কুলের কাছে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাজারে তার গ্রামের লোকজন তাণ্ডব চালায় বলে পুলিশ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে হয়। ওই বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লোহাগড়া থানার ওসি হাফিজ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমডাঙ্গা, নাওয়া, গোবিন্দপুরসহ বেশ কয়েকটি গ্রামের কয়েকশ লোক হামলায় অংশ নেয়। ভাংচুর করা দোকানগুলো জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলামের সমর্থক এবং চাচই গ্রামের বাসিন্দাদের। ওসি বলেন, হিরু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চরআড়িয়ারা গ্রামের দৌলত মোল্যা (৩০) এবং হেমায়েত হোসেন (২৮) নামে দুজনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৩ ঘ.