ঠাকুরগাঁও, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ছয়দিন পর ঠাকুরগাঁও সদর উপজেলার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় ওই অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা দু'জনই এখন পুলিশ হেফাজতে রয়েছে।
শনিবার সদর উপজেলার খাগারাবাড়ি গ্রামে পুলিশ এ অভিযান চালায়।
গত রোববার (১৪ নভেম্বর) সদর উপজেলার খাগারাবাড়ি গ্রামের ইউসুফ আলী ও তার সঙ্গী দুলু মোটরসাইকেলে তুলে জেলা শহরের আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে (১৪) নিয়ে যায় বলে অভিযোগ করে মেয়েটির পরিবার।
ওইদিনই তার বাবা বাদী হয়ে ইউসুফ আলী ও দুলুর বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় অপহরণ মামলা দায়ের করেন।
ঠাকুরগাঁও থানার ওসি গোপাল চক্রবর্তী বলেন, ইউসুফ আলীর বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ। এসময় ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৬ ঘ.
bdnews24