সিলেট, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ ও সিলেটে হাজারো মানুষের শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য দেওয়ান ফরিদ গাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শনিবার বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শেষ জানাজার পর হজরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয় এ রাজনীতিককে।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ফরিদ গাজী বেশ কিছুদিন রোগে ভুগে শুক্রবার ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিলো ৮৫ বছর।
হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় অন্তিম শয়ানে শায়িত হলেন প্রবীন আওয়ামীলীগ নেতা ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা দেওয়ান ফরিদ গাজী।
ফরিদ গাজীর মরদেহ ঢাকা থেকে নেওয়া হয় গ্রামের বাড়ি হবিগঞ্জে। সেখান থেকে শনিবার সকালে মরদেহ আনা হয় সিলেটে। দুপুর ১টায় আওয়ামী লীগ নেতার কফিন সিলেটের লামাবাজারে তার বাড়িতে পৌঁছায়, দীর্ঘদিন ধরে সিলেটের এ বাড়িতে থাকতেন তিনি।
দুপুর ২টায় মরদেহ নেওয়া হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে ফরিদ গাজীর জীবন ও কর্ম নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ফরিদ গাজী শুধু সিলেটের নয়, তিনি ছিলেন গোটা দেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে দেশ একজন সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তিকে হারালো।
মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণ আন্দোলনে ফরিদ গাজীর ভূমিকা তুলে ধরেন বক্তারা।
সেখানে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, শফিকুর রহমান চৌধুরী, ইমরান আহমেদ, মাহমুদ উস সামাদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, জেলা আওয়ামী লীগের সভাপতি আনম শফিকুল হক, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
হবিগঞ্জে দেওয়ান ফরিদ গাজীর তিনটি জানাজা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন। বাহুবল ও নবীগঞ্জ উপজেলার এ জানাজায় অংশ নেয় হাজারো মানুষ।
সকাল ৯টায় বাহুবল উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে প্রথম জানাজা হয়। সকাল পৌনে ১০টায় ফরিদ গাজীর গ্রামের দেবপাড়া বাজারে এবং সকাল ১১টায় নবীগঞ্জ জেকে স্কুল মাঠে অন্য জানাজাটি হয়। সিলেট নেওয়ার পথে মৌলভীবাজারেও একটি জানাজা হয়।
ফরিদ গাজী একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু র মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৬ ঘ.
bdnews24