২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজারে সরকার সমর্থক ছাত্রলীগের স্থানীয় এক নেতাকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 07:45 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

কক্সবাজার, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে সরকার সমর্থক ছাত্রলীগের স্থানীয় এক নেতাকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আনোয়ারুল ইসলাম সিফাত (২৩) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নতুনপাড়া এলাকায়। শুক্রবার রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার চেপটখালী ঢালার মুখ এলাকায় সিফাতকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। উখিয়া থানার উপ-পরিদর্শক গোবিন্দ দাস সাংবাদিকদের বলেন, "সিফাত তার দুই বন্ধুকে নিয়ে মটর সাইকেলে চড়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কোটবাজার থেকে বাহারছড়ায় ফিরছিলেন। চেপটখালী ঢালার মুখ এলাকায় দুর্বৃত্তরা পেছন থেকে তাদের গুলি করে। ওই সময় মটর সাইকেলের পেছনে থাকা সিফাতের পিটে গুলি লাগে।" গুলিবিদ্ধ সিফাতকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, সিফাত মারা গেছেন। সিফাতের মামা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, সিফাতের বাবা ফজল করিম সৌদি প্রবাসী। ছয় মাস আগেই সিফাত বিয়ে করেছে। সিফাত রাজনীতির পাশাপাশি শামলাপুর বাজারে একটি কম্পিউটার দোকান চালাতেন বলে মিজান জানান। তার ধারণা, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ কর্মকর্তা গোবিন্দ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৪ ঘ.