নোয়াখালী, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত থেকে আট বিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির সম্ভাবনা নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুরে গ্যাস অনুসন্ধান কুপ খনন শুরু করা হচ্ছে।
সুন্দলপুর তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্প নামে এ কুপ খনন কাজ ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু করতে যাচ্ছে বাপেক্স।
২০১১ সালের ফেব্র"য়ারি মাসের মধ্যে কুপের খনন কাজ সম্পন্ন করে গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েদ জানান, প্রকল্পটির জন্য ইতোমধ্যে সাড়ে তিন একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের শুক্রবার সকালে সুন্দলপুর তেল-গ্যাস কুপ খনন প্রকল্প পরিদর্শন করেন।
এসময় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুন্দলপুর তেল-গ্যাস কুপ খনন প্রকল্প সফল হলে তা জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করবে।"
তিনি কুপ খনন কাজে সরকারের সকল মহল, স্থানীয় প্রশাসন ও সর্বদলীয় রাজনীতিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমদ, প্রকল্পের পরিচালক আবদুল হালিম, জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, সিরাজপুর ইউপি চেয়ারম্যান আবু ছায়েদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/০৯৫৩ ঘ.
bdnews24