২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে কঠিন চীবর দান সম্পন্ন

দেশের সমৃদ্ধি ও শান্তি কামনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

রাঙামাটি, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের সমৃদ্ধি ও শান্তি কামনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শেষ হয়েছে। এই উপলক্ষে শুক্রবার দুপুর ২টায় রাঙামাটির রাজ বন বিহারে পূণ্যার্থীদের ধর্মীয় দেশনা দেন বন ভান্তে সাধনানন্দ মহাস্থবির। রাজ বন বিহারের অধ্যক্ষ সাধনানন্দ হিংসা, বিদ্বেষ, লোভ, মোহ, হানাহানিসহ সব ধরনের ভেদাভেদ ভুলে ধর্মের প্রতি অনুগত থাকার উপদেশ দেন। তিনি অজ্ঞানের পথ পরিহার করে জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার জন্য পূণ্যার্থীদের প্রতি আহ্বান জানান। এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, চাকমা রাজা দেবাশীষ রায় ও রাজ বন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সিনিয়র সভাপতি গৌতম দেওয়ান। ভান্তের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক প্রতুল বিকাশ চাকমা। অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছাবাণী পাঠ করেন জেলা বিএনপির নেতা দীপেন দেওয়ান। উদ্বোধনী সংগীত পরিবেশনের পরপর বন ভান্তের কাছে কঠিন চীবর হস্তান্তর করেন রাজা দেবাশীষ রায়। বৌদ্ধ ধর্মীয় নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে তাঁতে কঠিন চীবর বানানো হয়। বৃহস্পতিবার বিহারের পাশে স্থাপন করা বেইনঘরে চীবর তৈরির কাজ শুরু হয়। ওইদিন বিকাল ৩টার দিকে পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাকমা রাজা দেবাশীষ রায়। এছাড়া চরকায় সুতা কাটা উদ্বোধন করেন রাজমাতা আরতি রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.