কুষ্টিয়া, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়া সদর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে কয়েকদফায় এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে ইদবার রহমান মণ্ডল (৭০), তোরাব আলী মণ্ডল (৫০), জরিনা (৫৫), ফারুক (৩০), ইদবার বিশ্বাস (৪৫), আলম (৩৫) ও আব্দুল কুদ্দুসকে (৫০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আছির উদ্দিন, মোকলেস, মাজেদা, শাজাহান মেম্বার, মিলনসহ বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার জিয়ারুখী ইউনিয়নের কমলাপুর, গোপালপুর ও পাহাড়পুর গ্রামে লস্কর গ্র"পের শাজাহান মেম্বার ও মণ্ডল গ্র"পের আছির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে কয়েকদফা সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষ ধারালো অস্ত্র, লাঠিসোটা ব্যবহার ও ইটপাটকেল নিক্ষেপ করেছে। উভয়পক্ষের কয়েকটি বাড়িতে ভাংচুর ও লাটপাটও চলে।
কুষ্টিয়া সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ উভয়পক্ষের ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রাখা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে পুলিশ গ্রেপ্তারদের নামা জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.
bdnews24