গাইবান্ধা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার চকশিবপুর ও সমসপাড়া-নুনদহ গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে চকশিবপুর গ্রামের আজাদুল ইসলাম (৩০), আব্দুর রাজ্জাক (২৭), লাল মিয়া (৩৫), শাহীনুর বেগম (২২), পারুল বেগম (২৫), সমসপাড়া-নুনদহ গ্রামের তারা মিয়া (৫৫), রেবেকা খাতুন (৪০), সাহেরা খাতুন (৪৫), আজাদুল ইসলাম-২ (২৫) ও শরিফুল ইসলামকে (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে চকশিবপুর গ্রামের আইনুল হকের বিয়ে উপলক্ষে কনের গাঁয়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করে আনা হয়।
এটি তাদের বাড়ির অদূরে রংপুর-বগুড়া মহাসড়কের একচল্লিশমাইল এলাকায় রাখা হয়।
এদিকে মাইক্রোবাসটি জিনের বাদশা নামধারী একটি প্রতারক চক্রের মনে করে পাশের সমসপাড়া-নুনদহ গ্রামের লোকজন এটি ভাংচুর করলে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয় বলেও পুলিশ কর্মকর্তা জানান।
কিছুদিন ধরে জিনের বাদশা পরিচয় দিয়ে একটি চক্র টাকা-পয়সা, সোনা-রুপাসহ গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলে এলাকার মানুষদের প্রতারিত করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24